দুই দিনের টেস্টর প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। বাংলাদেশ দুই ইনিংসেই অলআউট একশর নিচে। অস্ট্রেলিয়াও নিজেদের একমাত্র ইনিংসে হারিয়েছে সব উইকেট। ম্যাকাইয়ের এমন উইকেট নিয়ে তাই ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপমহাদেশের পিচ নিয়ে হওয়া সমালোচনার কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়াও খুব স্বস্তিতে ছিল না। শরিফুল ইসলামের সাত উইকেটের সামনে ২১০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯৫ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ৫১ রানের জয় পায় অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয়, দুই দিনে শেষ হয়ে যাওয়া এমন উইকেট টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ কি না। একই ধরনের ঘটনা উপমহাদেশে ঘটলে পিচের সমালোচনার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট নিয়েও আলোচনা হয় বলে প্রশ্নে উল্লেখ করা হয়।

প্রশ্নটি শুনে শান্ত বলেন, ‘ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আপনারা একটু মনে রাখেন, আমরাও মনে রাখলাম। সাধারণত আমরা উপমহাদেশে খেললে এক দিনে ১৮-১৯ উইকেট পড়ার পর অনেক কথাবার্তা হয়। প্রথম দিনে এখানে ১৮ উইকেট পড়েছিল, এটা সবার বুঝতে হবে।’

ম্যাকাইয়ের উইকেট যে ব্যাটারদের জন্য সহজ ছিল না, সেটি স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।

শান্ত বলেন, ‘উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। শুধু যদি এমন হতো যে আমাদের উইকেট পড়েছে, ওদের পড়েনি, তাহলে বুঝতাম। আমাদের বোলারদের সামনে ওরাও কতটা কঠিন সময় পার করেছে, সেটা দেখলেই বোঝা যায়।’

চ্যালেঞ্জিং উইকেটকে অবশ্য পরাজয়ের অজুহাত বানাতে চাননি শান্ত। ব্যাটার হিসেবে এমন পরিস্থিতি মেনে নিয়েই ভালো করার পথ খুঁজতে হবে বলেও জানান তিনি। তবে তার শেষ কথায় ছিল উপমহাদেশের পিচ নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির স্পষ্ট ইঙ্গিত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এ ধরনের চ্যালেঞ্জ থাকবে। ব্যাটসম্যান হিসেবে আমাদের সেটি মেনে নিতে হবে। আরেকটি কথা বলতে চাই, যখন আমরা উপমহাদেশে খেলব, তখন যেন এই বিষয়গুলো ভুলে না যাই।’

পিচ নিয়ে প্রশ্ন তুললেও নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় এড়িয়ে যাননি শান্ত। দ্বিতীয় ইনিংসে কিছু বাজে শট ছিল বলে স্বীকার করেছেন তিনি। ৩১ রান করে থিতু হওয়ার পর নাথান লায়নের বলে বড় শট খেলতে গিয়ে নিজের বিদায়ও মেনে নিতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি সেট হয়ে যে সময়ে আউট হয়েছি, সেটি গ্রহণযোগ্য নয়। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল।’

ডারউনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে দুঃস্বপ্নের পরাজয় দেখেছে বাংলাদেশ। তবে এই ম্যাচের ফলের পাশাপাশি ম্যাকাইয়ের প্রথম দিনের ১৮ উইকেটও মনে রাখতে বললেন শান্ত, বিশেষ করে পরবর্তীবার উপমহাদেশের কোনো পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠলে।