বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে এক প্রশিক্ষণ কর্মশালা চলাকালে পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৩ আগস্ট) দুপুরে খাবার গ্রহণের সময় অসাবধানতাবশত মেঝেতে কিছু খাবার পড়ে যাওয়ায় স্থানটি নোংরা হয়ে যায়। এসময় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অপেক্ষা না করে প্রতিমন্ত্রী নিজেই তা পরিষ্কার করেন।

‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বিরতি চলাকালে এই ঘটনা ঘটে। উপস্থিত ব্যক্তিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে দায়িত্বশীল আচরণের উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, পরিচ্ছন্নতা বিষয়ে কেবল নির্দেশনা না দিয়ে নিজের আচরণের মাধ্যমে অন্যদের সচেতন করা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। দায়িত্বশীল ব্যক্তিরা সামনে থেকে এমন উদ্যোগ নিলে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায়।

এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (প্রতিমন্ত্রীর দপ্তর) মো. তানভীর মিয়া মুক্তকণ্ঠকে বলেন, "পরিচ্ছন্নতা শুধু সরকারের কোনো একটি দপ্তর বা পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। এ কাজে নাগরিকদেরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা নিজেরা পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে সাধারণ মানুষও উৎসাহিত হন।"

উপস্থিতদের মতে, জনসেবায় দায়িত্বশীল নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে ববি হাজ্জাজের এই আচরণ বিবেচিত হতে পারে।