শপথ গ্রহণের পর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান। প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।
এরপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি তাঁর অফিসকক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে সই করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এই বর্ষীয়ান রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ পাঠ করান।