ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তবিবার হোসেন নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এই ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন ওই গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, "পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"