জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইশরাত জাহান। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন। দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়ে ও ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানালে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
ভেতরে ঢুকে স্থানীয়রা এক নারীর নিথর দেহ দেখতে পান। দ্রুত জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, "জানালা দিয়ে বাচ্চা দুটি পানি চাচ্ছিল। স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।"
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।"