নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শিবির কর্মীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে, যার ফলে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী বলেন, "রাত ১টার পর বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল।"
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, "দুজনের শরীরে গুলি সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছিলেন।