দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "গত কয়েক বছরে দেশের সব বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একইসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।"
দেশের পরিবর্তনের এই সন্ধিক্ষণে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।