কলকাতার মাঠের পিচ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল। সেখানকার মাঠের মান নিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করতে আসছেন ব্রাজিলের কর্মকর্তারা।
আজ রোববার ভারত থেকে প্রতিনিধি দলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাদের নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্টেডিয়ামের পিচ ও সুযোগ-সুবিধা যাচাই করা। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তারা।
তবে এই সফরের মূল লক্ষ্য নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ভারত সফরের অংশ হিসেবে বাংলাদেশে কোনো ম্যাচ বা অনুশীলন সেশন রাখা হবে কি না, সে বিষয়ে সিবিএফ বা বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আপাতত কেবল মাঠ পরিদর্শন ও সৌজন্য বৈঠকের বিষয়টিই নিশ্চিত করা হয়েছে।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচের প্রস্তুতি যাচাই করতে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্টেডিয়াম, অনুশীলনের মাঠ, ড্রেসিংরুম, হোটেল এবং নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন সিবিএফ কর্মকর্তারা।
দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, মূল পিচ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রতিনিধিরা। তাদের মতে, মাঠের কিছু অংশ অসমান এবং ঘাসের ঘনত্ব পর্যাপ্ত নয়। বর্তমান অবস্থায় খেললে ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থদের চোট পাওয়ার ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন তারা।
স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি ডুরান্ড কাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় মাঠের ওপর বাড়তি চাপ পড়েছে। তবে ব্রাজিলের ম্যাচের আগেই পিচ আন্তর্জাতিক মানে প্রস্তুত করার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিলের এই সফরের প্রাথমিক আলোচনায় সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশের নামও উঠে এসেছিল। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারকে বিবেচনায় রাখা হয়েছিল, যদিও পরবর্তীতে ভারতের সঙ্গে আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে।
এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রতিনিধিদের ঢাকা সফর নতুন কৌতূহল তৈরি করেছে। তারা কেবল সুযোগ-সুবিধা যাচাই করতে আসছেন, নাকি সেলেসাওদের বৃহত্তর সফর পরিকল্পনায় বাংলাদেশের জন্য কোনো জায়গা রাখা হচ্ছে, তা তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকের পরই স্পষ্ট হবে।