দার্জিলিংয়ের দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সুকনায় এক বৈঠকে তিনি জানান, পশ্চিমবঙ্গকে অখণ্ড রেখেই ভারতের সংবিধানের আওতায় দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

এই সংকটের সমাধান খুঁজতে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী করে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেন অমিত শাহ। উক্ত বৈঠকে দার্জিলিংয়ের সংসদ সদস্য, বিধায়ক এবং পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও এর আশপাশের পাহাড়ি অঞ্চল নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ১৯৮০-এর দশক থেকে আন্দোলন চলছে। সুভাষ ঘিসিং ও বিমল গুরুংসহ বিভিন্ন আঞ্চলিক নেতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দার্জিলিং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠন করলেও তা স্থায়ী সমাধান বয়ে আনতে পারেনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। বিজেপি সরকার গঠনের তিন মাসের মাথায় তাঁর এই বৈঠককে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, সমাধানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অখণ্ডতা বজায় থাকবে। ফলে দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবির সঙ্গে এই নতুন উদ্যোগের সমন্বয় কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলয়ের (এসএসবি) সদর দপ্তরেও একটি বৈঠক করেন।