ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু ছিলেন। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।
সরকারি সূত্রমতে, গত বৃহস্পতিবার ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। তবে জাহাজডুবির প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, গতকাল বেলা ১১টা ৪৮ মিনিটে ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রের কাছে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পৌঁছায়। শ্রী বিজয়পুরমে অবস্থিত এই কেন্দ্রের কাছে জাহাজ সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।
খবর পাওয়ার পর কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাত আটটার দিকে তারা দুজন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হন। বাকিদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।
উদ্ধার কার্যক্রমে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। রয়টার্সকে তিনি বলেন, “তিনি জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন ও ভালো কিছুর আশা করছেন।”