একটি প্রস্তুতি ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রো। শনিবার পর্তুগালের মালভেইরায় রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচ খেলছিলেন তিনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান এই মিডফিল্ডার। দ্রুত সতীর্থ ও চিকিৎসাকর্মীরা তাঁর দিকে ছুটে যান এবং মাঠেই জরুরি চিকিৎসা শুরু হয়। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকেরা ডিফিব্রিলেটর ব্যবহার করে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরবর্তীতে জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা আইএনইএম-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

চলতি মৌসুমেই পর্তুগিজ তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। তবে তাঁর ক্যারিয়ারের দীর্ঘ সময় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্টব্রমের মূল দলে অভিষেক হয় তাঁর। ক্লাবটির হয়ে দুটি সিনিয়র ম্যাচ খেলেছেন তিনি; যার মধ্যে একটি ছিল আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচ এবং অন্যটি সোয়ানসি সিটির বিপক্ষে।

এছাড়া ওয়েস্টব্রম থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেছেন ক্যাস্ত্রো। পরবর্তীতে ইয়র্ক সিটি, চিপেনহ্যাম টাউন, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্ন বরোর মতো ইংলিশ ক্লাবগুলোর হয়ে খেলার পর গত মাসে তিনি রিয়াল স্পোর্টে যোগ দেন।

ক্যাস্ত্রোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর সাবেক ক্লাব ওয়েস্টব্রম। ক্লাবটি জানিয়েছে, তাঁর স্মরণে চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়া হবে এবং খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরবেন।