নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ ও র্যাব-১-এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুর রহিম বেগমগঞ্জের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচার শেষে আদালত আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী)-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, "গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।"