এস্তোনিয়ার রাজধানী টালিনে আজ শনিবার অনুষ্ঠিত পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় জার্মানপ্রবাসী বাংলাদেশি ট্রায়াথলেট মাহবুবুর রহমান সফলভাবে অংশ নেন। আয়রনম্যানের নির্ধারিত দূরত্ব ছিল ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়। আয়রনম্যানের অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের তথ্যমতে, তিনি পুরো দূরত্ব সম্পন্ন করেছেন ১০ ঘণ্টা ৬ মিনিট ১৩ সেকেন্ডে।

আয়রনম্যান সম্পন্ন করার পর মাহবুবুর রহমান মুক্তকণ্ঠকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘আজ ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা দেরিতে রেস শুরু হয়েছিল। সাইক্লিং ভালোভাবে শেষ করলেও দৌড়ের সময় বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই রেস শেষ করেছি। আর আমার সেরা টাইমিং হয়েছে আজ। আমি জার্মানিতে বসবাস করি এবং প্রতিটি রেসে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি।’

প্রতিযোগিতায় মাহবুবুর রহমান তাঁর বয়স গ্রুপে (৩০ থেকে ৩৪ বছর) ২২৩ জনের মধ্যে ৫৫তম স্থান এবং মোট ১ হাজার ৬৫৫ জনের মধ্যে ২৫৬তম স্থান অর্জন করেন। ৩২ বছর বয়সী মাহবুবুর রহমান জার্মানির একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই বছরের যমজ সন্তানের পিতা।

এস্তোনিয়ার এ আয়রনম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ফ্রান্সের রেমি কন্টে। তিনি সময় নিয়েছেন ৮ ঘণ্টা ৮ মিনিট ৪ সেকেন্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ডেনমার্কের ভিক্টর বার্টিন (৮ ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড) এবং ফ্রান্সের অরেলিয়েন লা লে (৮ ঘণ্টা ২৩ মিনিট ৩ সেকেন্ড)।

এর আগে ২০১৮ সালে টেকনাফ থেকে সেন্ট মার্টিন ১৬ কিলোমিটার বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে সম্পন্ন করেন মাহবুবুর রহমান। একই বছর শ্রীলঙ্কায় আয়রনম্যান ৭০.৩ কলম্বোয় অংশ নেন। ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় আয়রনম্যান বিন্তান এবং মালয়েশিয়ায় আয়রনম্যান সফলভাবে সম্পন্ন করেন। ২০২০ সালে থাইল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বাংসানে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। স্পেনে ২০২২ সালে আয়রনম্যান মায়োর্কাতে অংশ নেন এবং ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান মালয়েশিয়া সফলভাবে শেষ করেন।

২০২৬ সালে একটি ভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন মাহবুবুর রহমান। তিনি ‘মোনাকো দ্য বাভারিয়া ক্ল্যাসিক আল্ট্রা সাইক্লিং’ রেসে অংশগ্রহণ করেন, যা ইউরোপের অত্যন্ত সম্মানজনক ‘ক্রস কান্ট্রি সাইক্লিং’। ৭ দিনে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে মোট ১ হাজার ৫৩৭ কিলোমিটার সাইক্লিং করতে হয়। এই সম্মানজনক আল্ট্রা সাইক্লিং রেসটি সফলতার সঙ্গে শেষ করে ‘হল অব ফেম ফিনিশার’ স্বীকৃতি লাভ করেন। এরপর আয়রনম্যান সুইজারল্যান্ড সফলতার সঙ্গে শেষ করেন চলতি বছরেই।

এ পর্যন্ত মাহবুবুর রহমান মোট ৪টি আয়রনম্যান ৭০.৩ এবং ৩টি পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে বার্লিন ম্যারাথন এবং এ বছরে একটি আল্ট্রা ম্যারাথনসহ ছোট ও মাঝারি দূরত্বের আরও কিছু ট্রায়াথলন সফলভাবে সম্পন্ন করেছেন জার্মানিতে।