মিচেল স্টার্কের কাছে সেটিই ছিল শেষ প্রশ্ন। কিন্তু দ্বিতীয় দিন শুরুর আগে ওই প্রশ্নের উত্তর খুঁজবেন সবাই। বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া ১০১ রানের লিড পেয়েছে ঠিকই, কিন্তু তাদের হাতে আছে আর মাত্র ২ উইকেট।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য কত রান যথেষ্ট হবে? ম্যাকাই টেস্টে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে স্টার্ক বলেছেন, ‘আমরা এখনো ব্যাট করছি, প্রথম ইনিংস শেষ হয়নি। ম্যাচে এখনো অনেক পথ বাকি। টেস্ট ক্রিকেট তো দুই ইনিংসের খেলা।’

.

টেস্ট ভেন্যু হিসেবে আজ অভিষেক হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। প্রথম দিন জুড়েই দাপট দেখিয়েছেন বোলাররা। দুই দল মিলিয়ে উইকেট পড়েছে ১৮টি। তা দেখে অনেকেই দায় দিচ্ছেন ম্যাকাইয়ের উইকেটকে। তবে তাঁদের সঙ্গে একমত নন স্টার্ক।

.

বাঁহাতি এই পেসার বলেছেন, ‘মানুষ হয়তো ভাবছে, ১৮ উইকেট পড়েছে মানে এটা একটা খারাপ উইকেট। কিন্তু আমার মতে, প্রথম দিনের জন্য এটি খুবই ভালো উইকেট ছিল। গ্যাবার উইকেটের মতোই আচরণ করেছে। গ্যাবায় প্রথম দিনে যেমন কিছুটা টেনিস বলের মতো অসমান বাউন্স দেখা যায়, আজকেও ঠিক তেমনই ছিল।’

এত উইকেট পড়ার পেছনে তাই বোলারদের কৃতিত্বই দেখছেন স্টার্ক। সে ক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্বটা প্রাপ্য তাঁর নিজেরই। ১০ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ডেল স্টেইনকে টপকে টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে শীর্ষ পাঁচ উইকেটশিকারির একজনও হয়েছেন এই পথে।

.শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ.

এ ছাড়া আরও একটা রেকর্ডে সবার ওপরে আছে স্টার্কের নাম। আজ টেস্টের প্রথম বলেই তিনি ফিরিয়েছেন সাদমান ইসলামকে। এই সংস্করণে সবচেয়ে বেশি চারবার প্রথম বলে উইকেট পাওয়ার কীর্তি এখন স্টার্কের। ইনিংস শুরুর সময় এই বাঁহাতি পেসারের পরিকল্পনা কী থাকে?

উত্তরে স্টার্ক বলেছেন, ‘আমার মনে হয় না, গত ১৫ বছরে আমার পরিকল্পনায় কোনো বদল এসেছে। ব্যাপারটা মূলত একই—দৌড়ে এসে স্টাম্পে আঘাত করার চেষ্টা করা। শুরু থেকেই গল্পটা এ রকম—দৌড়ে আসো, আক্রমণাত্মক থাকো, সুইং থাকলে কাজে লাগাও এবং স্টাম্পে বল লাগানোর চেষ্টা করো। বিষয়টা সত্যিই এত সহজ।’

স্টার্ক আরও যোগ করেন, ‘এই পরিকল্পনা যখন কাজে লাগে আর আমাদের বোলিংয়ের শুরুটা দারুণ হয়, তখন বেশ ভালো লাগে। প্রথম বলেই যখন একটা উইকেট পেয়ে যাই, তখন এটা ভেবেই আনন্দ হয় যে এখন আর মাত্র ৯টি উইকেট নেওয়া বাকি!’

.৫ উইকেট পেয়েই খুশি নন শরীফুল, জিততে চান ম্যাকাই টেস্ট