পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তর না করায় দেশটির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দায়ের করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে গিয়ে ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারির সঙ্গে যৌথভাবে এই আবেদন দাখিল করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।

এর আগে শুক্রবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করার পর পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের সামনে ও যাওয়ার পথে পিটিআই নেতা-কর্মীদের ভিড়ের কারণে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। এই কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তাঁকে সরকারি পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। তবে তারার দাবি করেন, শিফা হাসপাতালের চিকিৎসকেরাও পিআইএমএসে উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের পিটিশনে সুপ্রিম কোর্টের গত মঙ্গলবারের আদেশ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে সংশ্লিষ্টদের আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার পাশাপাশি ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার অনুরোধ করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে একজন আদালত কর্মকর্তা বা স্থানীয় কমিশন নিয়োগের আবেদন করেছে পিটিআই।