ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সিরিজের চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন, দুই বোর্ডের আলোচনায় সফরের সময় পরিবর্তন হতে পারে।

ভারত সিরিজ নিয়ে তামিম বলেন, ‘দুই বোর্ড ভারত সিরিজ নিয়ে আলোচনা করছে। সময়টা পরিবর্তন হতে পারে। সিরিজটি যদি চূড়ান্ত ও নিশ্চিত হয়ে যায়, তাহলে আমরা সেই অনুযায়ী সময়সূচি নির্ধারণ করব।’

ভারতের এই সফর প্রথমে ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। দুই বোর্ডের সম্মতিতে সেটি এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। সম্ভাব্য সূচিতে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি রাখার কথা আলোচনা হয়েছিল।

তবে ভারতের নতুন সূচিই সফরটি নিয়ে শঙ্কা আরও বাড়িয়েছে। আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য শেষ টি-টোয়েন্টির দিনই শুরু হবে সেই সিরিজ। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী দুটি সিরিজ আয়োজন প্রায় অসম্ভব।

এদিকে ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মিরপুরে বয়সভিত্তিক তিনটি দল নিয়ে ৫০ ওভারের একটি প্রতিযোগিতা আয়োজন করবে বিসিবি। তবে এই প্রতিযোগিতা ভারত সফরের পথে বাধা হবে না বলে জানিয়েছেন তামিম।

বিসিবি সভাপতি বলেন, ‘বয়সভিত্তিক টুর্নামেন্ট মিরপুরে হবে। তবে এটি দুই মিনিটেই বসুন্ধরা মাঠে সরিয়ে নেওয়া যাবে। ভারত সিরিজ নিশ্চিত হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটির জন্য ভারত সরকারের অনুমোদনও প্রয়োজন হবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। দুই বোর্ড যোগাযোগ রাখলেও এখন পর্যন্ত সফর নিশ্চিত করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে সিরিজটি বাতিলও করা হয়নি। তামিমের বক্তব্য অনুযায়ী, আপাতত নতুন সময় বের করার চেষ্টা চলছে। সেটি সেপ্টেম্বরে সম্ভব না হলে ভারতের বাংলাদেশ সফর আরও একবার পিছিয়ে যেতে পারে।