মাঠে সাধারণত শান্ত ও সুবোধ হিসেবে পরিচিত লিওনেল মেসি এবার শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানার মুখে পড়লেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির সময় তাঁর ঘাড়ের পেছনে হাত দেওয়ার কারণে ইন্টার মায়ামি তারকাকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।

বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনাটিকে ‘চড়’ হিসেবে বর্ণনা করলেও এমএলএসের আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতি ভঙ্গ করেছেন মেসি। তবে জরিমানার সঠিক পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।

গত বুধবার ফিলাডেলফিয়ার মাঠে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে এই ঘটনা ঘটে। মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি এবং একপর্যায়ে হাত দিয়ে সুলিভানের ঘাড়ের পেছনে আঘাত করেন। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি রেফারি ফিলিপ দুজিচের চোখ এড়িয়ে যাওয়ায় তিনি কাউকেই কার্ড দেখাননি, যদিও পরে দুজনকে আলাদা করেছিলেন। তবে ম্যাচের ভিডিও পর্যালোচনার পর মেসিকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় এমএলএস।

একই ম্যাচে একই ধরনের অপরাধে মেসির সতীর্থ ইয়ান ফ্রেও জরিমানার মুখে পড়েছেন। পেনাল্টি এলাকায় বল নিয়ে এগোতে গিয়ে সুলিভান পড়ে যাওয়ার পর ফ্রের সঙ্গে বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ম্যাচের একেবারে শেষ দিকে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বলের বাইরে আলাদা এক দফা হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার সুলিভান। তবে পরবর্তীতে স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে সুলিভানের লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করেছে এমএলএস।