বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ৪৪ দিন পর মাঠে ফিরেই নতুন রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে টানা ২৫টি মৌসুমে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস লিখলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
গতকাল রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের বড় জয়ে গোল করেন তিনি। এর মাধ্যমে সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের টানা ২৪টি লিগ মৌসুমে গোল করার রেকর্ডটি ভেঙে দিলেন রোনালদো। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। গত বছর রোনালদো তাঁর সমান সমান হলেও এবার রেকর্ডটি নিজের একার করে নিলেন।
নতুন মৌসুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রোনালদো। বাড়তি ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি। সৌদি আরবে ফেরার পর গতকালের ম্যাচে কোচ আঞ্জে পোস্তেকোগলু তাঁকে শুরুর একাদশে রাখেননি।
ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ততক্ষণে আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে আল নাসর ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল। মাঠে নামার ২১ মিনিট পর, ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার নিচু ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।
এই গোলের ফলে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আর মাত্র ২৩টি গোলের প্রয়োজন তাঁর।