মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সময়ে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মো. হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৫০) নামে এক ব্যক্তিকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন হোসেন আলীর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হোসেন আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই অভিযান থেকে তার দেখানো স্থান থেকে আরও দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় হোসেন আলীকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হোসেন আলীর সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।”