কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে ৫৫টি ভারতীয় চোরাই ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক যৌথ অভিযানে এই সাফল্য অর্জিত হয়। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টা থেকে ১১টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ফোনের চোরাকারবারিদের ধরতে তল্লাশি চালানো হলে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে ৫৫টি ভারতীয় ফোন পাওয়া যায়। উদ্ধার করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোর বিভিন্ন মডেল রয়েছে। জব্দ করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।

তদন্তকারী পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘ দিন ধরে ভারতীয় চোরাই ফোনের কেনাবেচা চলছিল। দেশের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে ঢাকা ও রংপুর থেকে ব্যবসায়ীরা এসে এসব ফোন কিনে নিয়ে যেতেন বলে তথ্য পাওয়া গেছে। সীমান্তপার থেকে চুরি বা ছিনতাই হওয়া ফোনগুলো একটি চোরাচালান চক্রের মাধ্যমে বাংলাদেশে এনে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল। বৈধ কাগজপত্র ও নিবন্ধন না থাকায় ফোনগুলো অবৈধভাবে কেনাবেচা করা হতো।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "আসাদমোড় এলাকাটি দীর্ঘ দিন ধরে চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সহযোগিতায় পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে এসব ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ফোনগুলোও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।"