নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুদের পরিচয় পাওয়া গেছে—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করত। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে চার শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয় যে, শিশুরা পুকুরে পড়ে গেছে।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি শুরু করেন এবং পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। দ্রুত দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মুক্তকণ্ঠকে জানান, "শিশুদের পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"