ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন এবং কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করে দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভারের রাজাশন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম গ্যারেজের সংলগ্ন বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল রাজাশন এলাকার মাদক ব্যবসায়ী শামীমের বিভিন্ন পয়েন্টের বাসাবাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, "রাজাশন এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও চার-পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি আরও জানান, "আটককৃতদের নাম-ঠিকানা যাচাই-বাছাইসহ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।"