দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদে বিপুল করতালির মাধ্যমে অভিনন্দিত হন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মির্জা ফখরুলের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ করে গণনা শুরু করেন সিইসি। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এসময় টেবিলের সামনে দাঁড়িয়ে গণনা তদারকি করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজন হুইপ।
বিকেল ৫টা ২০ মিনিটে সিইসি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, "নির্বাচনের জন্য মুদ্রিত ব্যালট ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। বৈধ ব্যালট ৩৪৩। অব্যবহৃত ব্যালটের সংখ্যা ৬টি। অলি আহমদ ৮৮ ভোট আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।"
ফলাফল ঘোষণার পর সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী ঘোষণার মুহূর্তে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর পাশে বসে ছিলেন। তিনি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতের ইশারায় সালাম জানালে প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন এবং লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান। এরপর মির্জা ফখরুল উপস্থিত সবাইকে সালাম জানান।
জয়ের পর মির্জা ফখরুল সংসদের সামনে গিয়ে পর্যায়ক্রমে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের জ্যেষ্ঠ সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খানের সঙ্গে কোলাকুলি করেন।
এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্যরা মির্জা ফখরুলের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।