ঝালকাঠির রাজাপুরে ব্রিজ থেকে খালে পড়ে নিখোঁজ হওয়া মো. নুর হোসেন আকন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাটসংলগ্ন বেদুরিয়া খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর হোসেন ওই এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নুর হোসেন বেদুরিয়া ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় হঠাৎ খালে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতভর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে রাজাপুর ফায়ার সার্ভিস এবং বরিশাল নদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা কয়েক ঘণ্টা তল্লাশির পর সকাল পৌনে ১০টার দিকে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সনাজ মিয়া জানান, "খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"