দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭২ জন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৬টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯টি শিশু। অর্থাৎ, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৯২৫টি শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টার তথ্যানুসারে, ৬৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০টি শিশু, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সামগ্রিক তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪। এর মধ্যে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।