ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে দিয়েছে আদালত। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ পর্যন্ত এই মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মোট ১৯ বার সময় পেয়েছে। অর্থাৎ ১৯ বার পেছাল প্রতিবেদন জমার তারিখ।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ প্রদান করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গুলির ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর থেকেই সিআইডি মামলাটি তদন্ত করে আসছে।