শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হযরত আলী ছৈয়াল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাই ছৈয়ালের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে ও পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন হযরত আলী। সেই সময় শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, "সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। পরে জানা যায়, শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। মরদেহ সুরতহাল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"