লিওনেল মেসির জীবনে এখন দুটি ভাগ—বাবার মৃত্যুর আগে ও পরে। বাবার মৃত্যু–পরবর্তী সময়টা এখনই চলছে, আর এই গোলটি হয়তো তিনি ভুলতে পারবেন না। কারণ, এটা তাঁর বাবার মৃত্যুর পর প্রথম গোল।

উদ্‌যাপনেও ছিল আবেগের ছোঁয়া। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে তিনি প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন।

৮ আগস্ট মেসির বাবা না-ফেরার দেশে যাওয়ার পর এটি তাঁর তৃতীয় ম্যাচ। চেস্টারের সুবারু পার্কে আজ সকালে স্বাগতিক ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ২–২ গোলের ড্রয়ে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তখন ম্যাচের সময় ছিল ২৬ মিনিট। দুই দল তখন ১–১ গোলের সমতায় ছিল। ডান প্রান্তে পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটান মেসি। এরপর জটলার ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন। ক্যারিয়ারে এর আগে ৯২০টি গোল করার পরও এই গোলের আবেদন তাঁর কাছে অন্য রকম বলেই ধরে নেওয়া যায়।

২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের করা মায়ামির প্রথম গোলেও ভূমিকা ছিল মেসির। বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে এসে তিনি আক্রমণ তৈরি করেছিলেন। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধের ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ ও ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করেন। অন্যদিকে ভিএআরের হস্তক্ষেপে ফিলাডেলফিয়ার ১টি গোল বাতিল হয়।

১৩টি গোল নিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে উঠে এসেছেন মেসি। এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে তিনি পিছিয়ে আছেন মাত্র ১ গোলে।

বাবার মৃত্যুর পর আগের দুটি ম্যাচে মেসি গোল পাননি। ওই দুই ম্যাচের প্রথমটিতে মেক্সিকোর দল লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এরপর এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। সেই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মেসি। এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থেকে ২ নম্বরে আছে মায়ামি (৩৯)।

যোগ করা সময়ে খেলা হয় ১২ মিনিট। একদম শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কাভানের ভাই কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের বাদানুবাদ থেকে। ফ্রে তাঁকে মারাত্মক ফাউল করেছিলেন বলে মনে হয়েছিল। দুজনের বাগ্‌বিতণ্ডার জের ধরে মাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইটকে লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও হলুদ কার্ড দেখান তিনি। ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরের ম্যাচে কাভান খেলতে পারবেন না।

১৮ বছর বয়স হলেই প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন সুলিভান। ২০২৬ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার পাশাপাশি ২টি গোলও করেছেন তিনি। এ বছর ফিলাডেলফিয়ার ১৮টি ম্যাচের ১১টিতেই তিনি মূল একাদশের হয়ে মাঠে নেমেছেন।