আতলেতিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে আতলেতিকো মাদ্রিদের অনীহার কারণে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই অন্য স্ট্রাইকারের খোঁজ শুরু করেছেন কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে আলভারেজের জন্য আবারও চেষ্টা করার সম্ভাবনা পুরোপুরি বাদ দেয়নি বার্সেলোনা। আগামী জানুয়ারিতেও নতুন প্রস্তাব দেওয়া হতে পারে। তবে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না এলে চলতি মাসে এই দলবদল হওয়ার সম্ভাবনা দেখছে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর একজন স্বীকৃত ‘নম্বর ৯’ চান বার্সা কোচ হান্সি ফ্লিক। বুধবার তিনি বলেন, ‘আমরা একজন স্ট্রাইকার খুঁজছি। ডেকো খুব ভালো কাজ করছে।’
আলভারেজই শুরু থেকে বার্সেলোনার প্রধান লক্ষ্য ছিলেন। চলতি গ্রীষ্মে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের জন্য প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল কাতালানরা। তবে সেটি প্রত্যাখ্যান করে আতলেতিকো।
সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড নিজেও ক্লাব পরিবর্তনের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। বার্সার ধারণা ছিল, আলভারেজের ওই বক্তব্যের পর আতলেতিকোর অবস্থান কিছুটা নমনীয় হবে। কিন্তু মাদ্রিদের ক্লাবটি তাকে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় রয়েছে।
নতুন স্ট্রাইকারের প্রয়োজনীয়তা নিয়ে বার্সেলোনার ভেতরেও মতভেদ রয়েছে। ফ্লিক একজন স্বীকৃত গোলদাতা চান। তবে ক্লাবের অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মনে করেন, নতুন কাউকে দলে নিতে না পারলেও বর্তমান খেলোয়াড়দের দিয়েই আক্রমণভাগ সামলানো সম্ভব।
ডেকো বলেন, ‘আক্রমণভাগে আমরা দুই খেলোয়াড়কে হারিয়েছি, লেভানডফস্কি ও ফেরানকে। নতুন যাদের দলে এনেছি, তাদের দিয়ে ফেরানের অভাব পূরণের সমাধান আমাদের আছে। কিন্তু রবার্টের বিকল্প বের করা অনেক কঠিন। তার মতো খেলোয়াড়কে প্রতিস্থাপন করা সত্যিই কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভেতরেই কিছু সমাধান রয়েছে। তারপরও বাজারে কী আছে, সেটি দেখতে হবে। অনেক আলোচনা চলছে। আরও কিছু দলবদল হতে পারে এবং আমরা এখনো কঠোর পরিশ্রম করছি।’
নতুন স্ট্রাইকার না এলে রাফিনিয়া, করিম আদেয়েমি, অ্যান্থনি গর্ডন কিংবা লামিন ইয়ামালকে মাঝখানে খেলানোর সুযোগ রয়েছে। ফেরমিন লোপেস ও দানি ওলমোও আগে ‘ফলস নাইন’ হিসেবে খেলেছেন।
এ ছাড়া প্রস্তুতি মৌসুমে মূল দলের সঙ্গে থাকা একমাত্র স্বীকৃত স্ট্রাইকার ১৮ বছর বয়সী মিসরীয় হামজা আবদেলকরিম। বুধবার হোয়ান গাম্পার ট্রফিতে আল আহলির বিপক্ষে গোল করে প্রস্তুতি মৌসুমে নিজের গোলসংখ্যা চারটিতে নিয়ে গেছেন তিনি।
তরুণ ফরোয়ার্ডকে নিয়ে ফ্লিক বলেন, ‘হামজা ভালো একজন ফরোয়ার্ড। ক্রস থেকে সে যেভাবে গোলের জায়গায় পৌঁছে যায়, সেটি আমরা দেখেছি। বল ধরে রাখার ক্ষেত্রেও সে উন্নতি করেছে। তার কাছ থেকে আমি এমনটাই দেখতে চাই।’
বিকল্প হিসেবে ইন্টার মিলানের লাওতারো মার্তিনেস ও স্পোর্তিং সিপির লুইস সুয়ারেজের নামও আলোচনায় এসেছে। তবে দুজনকে দলে নেওয়ার খরচই আপাতত বার্সার নাগালের বাইরে। বহুদিন ধরে বেনিয়ামিন শেশকোর ওপর নজর থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে বর্তমান পরিস্থিতিতে কেনা অসম্ভব মনে করছে ক্লাবটি।
ভিয়ারিয়ালের আইয়োজে পেরেস ও জর্জেস মিকাউতাদজেকেও সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে স্পেনে আসার পর মিকাউতাদজের পরিসংখ্যান ও পারফরম্যান্স বার্সার কর্মকর্তাদের মুগ্ধ করেছে।
চলতি দলবদলের বাজারে এরই মধ্যে রদ্রি, অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নিয়েছে বার্সেলোনা। হোয়াও কানসেলোরও শিগগিরই যোগ দেওয়ার কথা। এত পরিবর্তনের পরও লেভানডফস্কির শূন্যতা পূরণে একজন প্রকৃত স্ট্রাইকারের খোঁজ চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।