কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে তার একাডেমিক ও প্রশাসনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগের প্রেক্ষিতে কলেজ প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। উক্ত আদেশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের সাথে ছাত্রীদের ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যাতে আপত্তিকর ও যৌনতা-বিষয়ক আলোচনা রয়েছে বলে অভিযোগ করা হয়।
অডিওটি প্রকাশ পাওয়ার পর শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় কলেজ প্রশাসন দ্রুত এক বৈঠকের আয়োজন করে এবং মো. মুসলিম সরদারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন মুক্তকণ্ঠকে জানিয়েছেন, "আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যহতির সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।