পরিবহন মালিকদের দীর্ঘদিনের বিরোধ এবং পাল্টাপাল্টি হামলার জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। বাস না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে মাহিন্দ্রা, ইজিবাইক ও থ্রি-হুইলারে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলের অভিযোগ, ফরিদপুরের ‘গোল্ডেন লাইন’ পরিবহনকে রাজবাড়ী রুটে ৪টি ট্রিপ পরিচালনার অনুমতি দেওয়া হলেও তারা নিয়মনীতি তোয়াক্কা না করে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রিপ চালাচ্ছে। অপরদিকে রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না।
এদিকে গত মঙ্গলবার রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর ‘রেখা পরিবহন’-এর একটি বাস আটকে কর্মচারীদের মারধর, টাকা ছিনতাই ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এছাড়া বুধবার ফরিদপুরে ‘একতা পরিবহন’-এর এক কর্মচারীকে লাঞ্ছিত করে যাত্রী নামিয়ে দেওয়ার পর দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরুপ রায় অপু জানান, "বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও অবহিত করা হয়েছে।"
যাত্রী ভোগান্তি নিরসনে এবং রুটটিতে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে দুই জেলার মালিক সমিতির সঙ্গেই প্রশাসনিক আলোচনা চলছে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।