পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচের শেষদিনে নাটকীয় মোড় নেয় বাংলাদেশ 'এ'র খেলায়। শুরুতে মনে হচ্ছিল ইনিংস ব্যবধানে তারা হারতে পারে। প্রথম ইনিংসেই দলটি ২৮০ রানে পিছিয়ে পড়ে। ফলো অন না করায় সেই আশঙ্কা কাটলেও ম্যাচ হারার চাপ ছিলই।

৪১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ 'এ' ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষদিনে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের দৃঢ়তায় তারা ড্র নিশ্চিত করে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকা 'এ' প্রথম ইনিংসে মোদেরি লিথেকো ও মিচেল ভ্যান বুয়েনের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন ইকবাল হোসেন। ১৬ ওভার বল করে ১ মেডেনসহ ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ব্যাটিংয়ে অবশ্য প্রথম ইনিংসে বাংলাদেশ নিজেদের সুবিধা তুলতে পারেনি। ২৩৯ রানে অলআউট হয় তারা। ২২৪ বল খেলে সর্বোচ্চ ৯৭ রান করেন মাহিদুল ইসলাম। ফিফটির দেখা পান তিন নম্বরে খেলতে নামা ইফতেখার হোসেন—১১১ বলে ৫০ রান করেন।

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ২৮০ রানে এগিয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩০ রান করে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসেও প্রোটিয়াদের ৪ উইকেটের ৩টিই নেন পেসার ইকবাল হোসেন।

৪১০ রানের লক্ষ্য তাড়া শুরুতে বিপর্যয় কাটাতে পারেনি বাংলাদেশ 'এ'। ৭০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম। তারা দুজন ২০৫ বলে ১০৫ রানের জুটি গড়েন। ১৪৭ বল খেলে ৭৪ রান করে আমিনুল আউট হন। এরপর মাহিদুলের সঙ্গী হন নাঈম। চতুর্থ দিনের বাকি সময়টায় দুজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দেন। ২০৮ বল খেলে ৪৮ রান করে অপরাজিত থাকেন মাহিদুল। ৭৯ বল খেলে ৪৯ রান করেন নাঈম হাসান।