বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্টগার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, কোস্টগার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে ওই পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।