ভারতের কলকাতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় অবস্থিত দেবাশীষ দত্তের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।
পরিদর্শনকালে এমপি আমির হামজা নিহত সাংবাদিকের বাবা দিলীপ দত্তের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়া দেবাশীষের আট বছর বয়সী মেয়ে মহিমা দত্তের পাশে বসে তাকে সান্ত্বনা দেন তিনি। এসময় দেবাশীষের বাবা তাকে অগ্নিকাণ্ডের আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিবারটির প্রতি গভীর শোক প্রকাশ করে এমপি আমির হামজা বলেন, "দেবাশীষ দত্তের সঙ্গে তার স্ত্রী ও সন্তানও এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।"
দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "দুর্গত পরিবারের পুনর্বাসন ও সহায়তায় জেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করা হবে।"
তিনি আরও জানান, সাধ্যমতো পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন এবং দেবাশীষের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। আমির হামজা বলেন, "দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে তারা বদ্ধপরিকর।"
ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার কথা জানান তিনি। এসময় সাইফুজ্জামান, ইয়াসিন আরাফাতসহ কুষ্টিয়া জেলা জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, দুই বছর বয়সী শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী নিহত হন।