ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা রেলস্টেশন মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ছিলেধরচর মহল্লার ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ এবং নগরকান্দা উপজেলার সদর এলাকার এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী।
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব মুন্সী মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা ফ্লাইওভারে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে রেলস্টেশনের দিকে যাওয়ার সড়কের একটি বাঁকে বজলুর চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি পথচারী হৃদয় শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে হৃদয় গুরুতর আহত হন এবং চালক সাকিবও ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"