ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের নিকটবর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মর্মান্তিক ঘটনায় ভারত সরকারের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতা এবং বাংলাদেশের চিকিৎসা খাতের দুর্বলতার কথা উল্লেখ করেছে দলটি।
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, "কলকাতার সেবা খাত অনেকাংশে বাংলাদেশের ওপরে নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেবা খাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবা খাত গড়ে উঠেছে, যার জন্য আজকে বাংলাদেশের নয়জনকে জীবন দিতে হলো।"
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারত ও বাংলাদেশ উভয় সরকারের নেওয়া উচিত।
দেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহ ইফতেখার তারিক বলেন, "জানা যাচ্ছে তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটা দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যাওয়া আমাদের জন্য হতাশার। এটা আমাদের চিকিৎসা খাতের ব্যর্থতার প্রতীক। স্বাধীনতার পরে যারাই সরকার পরিচালনা করেছে, তাদের সবাইকে এর দায় বহন করতে হবে।"
এছাড়া নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার আগে গন্তব্যস্থলের নিরাপত্তা যাচাই করা সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "কলকাতার সেবা খাতের ভঙ্গুরদশা নিয়ে সরকার নাগরিকদের কোনো ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এই মৃত্যুর জন্য বাংলাদেশ সরকারের নৈতিক দায় রয়েছে।"