রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে ফুটপাত দখলকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
আজ বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী ও সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার এই দাবি জানান।
সালাহউদ্দিন আইউবী বলেন, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি সংসদ ভবনের সামনে শিক্ষিকার ছিনতাইয়ে মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতার স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্য দিবালোকে ৩৯ লাখ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে ছিনতাই এবং যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনার উদাহরণ দেন। গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগ নিয়ে গাড়ি চুরি, সিঁধেল চুরি ও অন্যান্য অপরাধ বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। অপরাধীদের গ্রেপ্তার না করে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করছেন উল্লেখ করে তিনি পুলিশের নিষ্ক্রিয়তা ও অক্ষমতাকে দায়ী করেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযানের পাশাপাশি অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার রাজধানী ও বিভিন্ন শহরের ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়টি সংসদে তুলে ধরেন। পথচারীদের জন্য নির্মিত ফুটপাত দোকান ও বাণিজ্যিক স্থাপনার দখলে চলে যাওয়ায় মানুষ সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আজ ওপেন সিক্রেট যে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে।’ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা আদায় করে ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কোনো কোনো জায়গায় চায়ের দোকান বসাতে ২০ হাজার টাকা এবং অন্য দোকানের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চাঁদাবাজি যেন আজ সরকারি দলের এক কমিউনিকেবল ডিজিজে পরিণত হয়েছে।’ চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ কামনা করেন তিনি।