সুইমিং পুলে ডুবে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া সিরি আ-র ক্লাব ক্যালিয়ারির তরুণ ফরাসি ফুটবলার ইয়ায়েল ত্রেপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকেরা তাকে মেডিক্যালি ইনডিউসড কোমা থেকে বের করে এনেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলারের এখন আর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হচ্ছে না।
মঙ্গলবার ক্যালিয়ারি তাদের সর্বশেষ মেডিকেল বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে।
গত রোববার সুইমিং পুলে দুর্ঘটনার পর শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় পড়েন ত্রেপি। এরপর তাকে ইতালির সার্দিনিয়ার সাসারিতে অবস্থিত সান্তিসিমা আনুনজিয়াতা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ত্রেপি ইতোমধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন এবং তিনি পুরোপুরি সজাগ আছেন। পাশাপাশি চিকিৎসকদের কথায়ও সাড়া দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার শরীরে কোনো স্নায়বিক জটিলতার লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বর্তমানে ত্রেপির হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত ঘোষণা করা হয়নি। নিবিড় পরিচর্যা কেন্দ্রেই রাখা হয়েছে এই ফরাসি ফুটবলারকে, যেখানে বিশেষ করে তার শ্বাসপ্রশ্বাসের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, ২০২২ সালে ক্যালিয়ারির একাডেমিতে যোগ দিয়েছিলেন ত্রেপি। চলতি বছরের জানুয়ারিতে ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয় তার। সিরি আ-তে নিজের অভিষেক ম্যাচেই গোল করে ফুটবল অঙ্গনে নজর কাড়েন এই তরুণ স্ট্রাইকার।