সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যেই অক্টোবরে নতুন আন্তর্জাতিক সিরিজের সূচি পেয়েছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও সাদা বলের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আফগানিস্তান এই সিরিজের স্বাগতিক। তাই ম্যাচের দিনক্ষণ ও সাদা বলের তিন ম্যাচের সংস্করণ নির্ধারণ করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো ওয়ানডে নাকি টি-টোয়েন্টি, অথবা দুই সংস্করণ মিলিয়ে আয়োজন করা হবে কি না, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস সিরিজটির কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ রয়েছে। সেখানে একটি লাল বলের ম্যাচ ও সাদা বলের তিনটি ম্যাচ থাকবে। আফগানিস্তান স্বাগতিক হওয়ায় সূচি ও সাদা বলের ম্যাচগুলোর সংস্করণ তারাই নির্ধারণ করবে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হয়ে আসছে। বছরের শেষ ভাগে টানা দুটি টেস্ট সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে প্রতিযোগিতাটির পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে এবারের চক্র শেষ করবে টাইগাররা। সেটিই হবে ২০১৬ সালের পর ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর।

এদিকে ভারতের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ছিল ২৮ আগস্ট। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা থাকা সিরিজটি নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি তামিম ইকবালও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, সিরিজটির পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে।