ঢাকা মেডিকেলের জন্য নতুন পাঁচটি ভবন নির্মাণ করা হবে। এগুলো নির্মাণ করা হবে একাডেমিক, শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের জন্য। এ জন্য ১ হাজার ১৫৪ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেলে নতুন তিনটি ১৫ তলা এবং দুটি ৪ তলা ভবন তৈরি করা হবে।
প্রকল্পটি অনুমোদনের জন্য আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেলে নতুন ভবন নির্মাণ প্রকল্পসহ একনেক সভায় উপস্থাপনের জন্য মোট ১১টি প্রকল্প তালিকায় রাখা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৪৬ কোটি টাকা। আজ সকালে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা হওয়ার কথা রয়েছে।
.পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ২০২৫ সালের মে মাসে অন্তর্বতী সরকারের সময় ঢাকা মেডিকেলের নতুন ভবন নির্মাণের প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। যদিও অন্তর্বর্তী সরকার প্রকল্পটির বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত নেয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ছয় মাসের মাথায় প্রকল্পটি অনুমোদনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্পের আওতায় যে পাঁচটি ভবন নির্মাণ করা হবে, তার মধ্যে ১৫ তলা একটি ভবন ব্যবহার করা হবে একাডেমিক কাজে; আর ১৫ তলা আরেকটি ভবনে হবে ছাত্র হোস্টেল। আরেকটি ১৫ তলা ভবন হবে ঢাকা মেডিকেলের কোয়ার্টার ভবন। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নতুন ভবনগুলো কোথায় হবে জানতে চাইলে স্বাক্ষ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মাজহারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, রাস্তার পাশে ও মর্গের কাছের কিছু টিনশেড ভবন ভেঙে নতুন এসব ভবন নির্মাণ করা হবে। যেখানে এখন শিক্ষকদের কোয়ার্টার রয়েছে।
.* প্রায় ১ হাজার ১৫৪ কোটি টাকায় ঢাকা মেডিকেলে নতুন ৩টি ১৫ তলা এবং দুটি ৪ তলা ভবন তৈরি করা হবে।.
* ১৫ তলা একটি ভবন হবে একাডেমিক কাজের জন্য, একটিতে হবে ছাত্র হোস্টেল ও অন্যটি আবাসিক ভবন।
প্রকল্পটির যৌক্তিকতা সম্পর্কে প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবন পুরোনো হয়ে গেছে। দেড় হাজার শিক্ষার্থী এই মেডিকেল কলেজে পড়ালেখা করেন; কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন–সংকট রয়েছে। এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের জন্যও আবাসনসুবিধা প্রয়োজন। তাই একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। যার আলোকে প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, ১৫ তলা একটি আবাসিক ভবন ও একটি হোস্টেল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯৯ কোটি টাকা। আরেকটি ১৫ তলা ভবন ও দুটি ৪ তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭৭ কোটি টাকা। বৈদ্যুতিক সরঞ্জামে ব্যয় হবে ১১৮ কোটি টাকা।
এদিকে একনেক সভায় আলাদা আরেকটি প্রকল্প উত্থাপন করা হবে দেশের ১০টি মেডিকেলে ১৯টি হোস্টেল নির্মাণের জন্য। সেই প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেলে আরও দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে।
.উল্লিখিত প্রকল্পের বাইরে আজকের একনেক সভায় নৌপরিবহন খাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার প্রকল্প অনুমোদনের তালিকায় রাখা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকা। এ ছাড়া সড়ক যোগাযোগ খাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়নে প্রায় ১১৬ কোটি টাকার প্রকল্প সভায় অনুমোদনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এর বাইরে পানিসম্পদ খাতে লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীর ডান তীরের ভাঙন রক্ষায় প্রায় ২৯৯ কোটি টাকার একটি প্রকল্পও সভার তালিকায় রয়েছে। একই খাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ নির্মাণে প্রায় ৫৫৯ কোটি টাকার প্রকল্প রয়েছে।
.এ ছাড়া ঢাকার জলাবদ্ধতা ও নদী সুরক্ষায় তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়) বাস্তবায়নে প্রায় ৫৬৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পও রয়েছে তালিকায়। এ ছাড়া গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে গ্রামের সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে ৪ হাজার ৯৬৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও অনুমোদনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
প্রাণিসম্পদ খাতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পে তৃতীয় সংশোধন আনা হয়েছে, সেই প্রকল্প তালিকায় রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ খাতে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী ও ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাবও অনুমোদনের জন্য রাখা হয়েছে আজকের একনেক সভায়।