দীর্ঘ এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ছুটির তালিকা যেন সাফার ডায়েরিতে খুবই বিরল। শুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে এভাবে নির্দিষ্ট সময় ধরে ঘোরাঘুরি করার সুযোগও তুলনামূলক কম ছিল তাঁর। এবার শুটিংয়ের বিরতি নিয়ে তিনি দেড় মাস যুক্তরাষ্ট্রে কাটাবেন—কাদের টানে, তা জানালেন তিনি।

সাফার মতে, এত বড়, দীর্ঘ ছুটি তিনি আগে কখনোই নেননি। তিনি বলেন,‘বিভিন্ন জায়গায় ঘুরেছি। শুটিংয়ে দেশের বাইরে প্রায়ই যাওয়া হতো কিন্তু শুধু ঘোরাঘুরির উদ্দেশ্যে এত দিনের জন্য যাওয়া হতো না। অনেক দিন ধরে চেষ্টায় ছিলাম যাওয়ার। এবার সেই সুযোগ এল। দারুণ সময় কাটাছে।’

যুক্তরাষ্ট্রে গিয়ে শৈশবের পুরোনো স্মৃতির সঙ্গে আবারও সময় কাটানোর কথাও উঠে আসে। কার টানে এত দিনের ট্রুর—এমন প্রশ্নে হাসি দিয়ে এই অভিনেত্রী জানান তাঁর বন্ধুর কথা। সাফার ভাষ্যে,‘আমরা শৈশব থেকেই একসঙ্গে বড় হয়েছি। আমাদের বহু স্মৃতি। কিন্তু ও যুক্তরাষ্ট্রে শিফট হওয়ার পরে আমাদের বহুদিন দেখা হয় না। সে আমার বেস্ট ফ্রেন্ড। তাঁর সঙ্গে দেখা করার জন্য আসা। আমাদের একসঙ্গে বহুদিন ভালো সময় কাটে না। অনেক দিন পরে আমরা ভালো সময় কাটালাম।’

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাঁর পরিবারেরও কয়েকজন সদস্য রয়েছেন। সাফার এই ঘোরাঘুরি তাই অনেকটা গেট টুগেদারের মতোই। কোথায় কোথায় যাচ্ছেন—নিউইয়র্ক থেকে অস্ট্রিন, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকোসহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পরিকল্পনার কথা বলেন তিনি। ‘আমরা তো এখন সবাই যার যার জায়গা থেকে খুবই ব্যস্ত, দেখা খুবই কম হয়। যে কারণে মেইন পারপাসই ছিল সবার সঙ্গে দেখা করা ও ঘোরা। যে কারণে এই সামার টাইম বেছে নেওয়া। নিজেকে ও নিজেদের মানুষদের সময়গুলো দিয়েছি।’