অভিনব প্রচারণার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে রায়হান রাফীর নতুন হরর সিনেমা ‘আন্ধার’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরীসহ সিনেমার কলাকুশলীরা একযোগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন।

প্রথম পোস্টারেই দর্শকদের এক অশুভ, ভৌতিক ও রহস্যময় জগতের আভাস দেওয়া হয়েছে। পোস্টারে একটি বেদিসদৃশ উঁচু স্থাপনার চূড়ায় সিনেমার পাঁচ মূল চরিত্রের উপস্থিতি দেখা যায়। কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাজিফা তুষি, আর তাঁর পেছনে ঘন কালো ও ধূসর মেঘের মাঝে জ্বলজ্বল করছে একটি বৃত্তাকার আলোর বলয়। নিচ থেকে উঠে আসা ধোঁয়া ও কুয়াশার আস্তরণ এবং ওপরের অলৌকিক আলোর বলয় পুরো পোস্টারে একটি ধূসর আবহ তৈরি করেছে।

তুষির দুই পাশে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার ও ফররুখ আহমেদ রেহান। পাঁচজনের পরনেই ধবধবে সাদা পোশাক থাকলেও তাঁদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি, অভিব্যক্তি ও দৃষ্টির দিক ভিন্ন। একই ধরনের পোশাক ও রহস্যময় চাহনি দেখে দর্শক ও নেটিজেনদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা নানা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই ‘আন্ধার’-এর গল্পের ভাবনা এসেছে।

চলতি মাসের শুরুতে নির্মাতা রাফী মুক্তকণ্ঠকে জানিয়েছিলেন, চলতি বছরের অক্টোবরে দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে। নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। রাফীর ভাষায়, “ঈদের মতো পূজাতেও প্রেক্ষাগৃহে উৎসবের আবহ তৈরি করতে চান তাঁরা। পূজার ছুটিতে মানুষ প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখুক—এটাই তাঁদের প্রত্যাশা।”

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের আয়োজন ‘আন্ধার’। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ, যা কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সম্পন্ন করা হয়েছে। রাফীর বিশ্বাস, দেশের চলচ্চিত্রে হরর ঘরানায় দীর্ঘদিনের যে শূন্যতা রয়েছে, ‘আন্ধার’ তা অনেকটাই পূরণ করতে পারবে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন ও স্বর্ণালী চৈতি। পোস্টারেই সিনেমাটির মুক্তির সময় ঘোষণা করা হয়েছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অক্টোবরে বড় পর্দায় আসছে ‘আন্ধার’।