চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীদের আহত করার অভিযোগে একটি গাড়ি ধাওয়া করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা এক তরুণী এবং ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টমেট্রো-ল ১৮৪৭ নম্বরের একটি লাল রঙের গাড়ি ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকা থেকে অত্যন্ত দ্রুত গতিতে চলে আসছিল। পথে নাজিরহাট, সরকারহাট ও মুনিয়া পুকুরপাড়সহ বেশ কয়েকটি স্থানে গাড়িটির ধাক্কায় পথচারীরা আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। আহত ও স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে থামানোর চেষ্টা করলেও চালক গতি না কমিয়ে সামনে এগিয়ে যান। অবশেষে হাটহাজারী বাজার এলাকায় গাড়িটিকে থামিয়ে দিতে সক্ষম হয় জনতা। এরপরই উত্তেজিত হয়ে গাড়িটি ভাঙচুর করা হয়। ঘটনার সময় গাড়িতে থাকা এক তরুণ পালিয়ে গেলেও ভেতরে থাকা এক তরুণীকে আটক করা হয়।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে গাড়িটি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। আটক করা হয় গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরে জড়িত পাঁচজনকে।"

চালকের বিষয়ে ওসি আরও জানান, "প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িতে থাকা তরুণ মাদকাসক্ত ছিলেন। যার কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন।"