ফেনীর ছাগলনাইয়ায় এক বাক্‌প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের পর সালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শুভপুর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শুভপুর ইউনিয়নের মোহাম্মদ সাকিব (১৮) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর। পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব ওই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার ওই নারীকে ধর্ষণ করে তিন আসামি। বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন সালিস বৈঠক বসিয়ে অভিযুক্তদের ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম জানান, সালিসের মাধ্যমে এমন গুরুতর অপরাধ নিষ্পত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এতে অংশ নেননি। তিনি পরামর্শ দিলে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, "ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।"

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুই কিশোরের বিষয়ে আদালত পরবর্তী শুনানিতে নির্দেশ দিলে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

ওসি আরও বলেন, "মামলার এজাহারে তিনজনের নাম ছাড়াও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর সালিসের নামে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে যাঁরা জড়িত, তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"