জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন আসেনি বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, "রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া, তা নিয়ে কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, জ্বালানি খাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে, জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নেই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ। সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এর কারণ হলো, রাষ্ট্রের কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি, নীতিগত সংস্কার হয়নি।"
জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "জনপ্রত্যাশা পূরণে সংস্কার করতেই হবে। বিশেষ করে সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে হবে।"
তিনি আরও মনে করেন, "সংস্কার না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না।"
বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে গ্যাস ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম ও নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম ও শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী এবং কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।