বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর প্রথম ছয় মাসে কার্যক্রম নিয়ে সমালোচনা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকার অঙ্গীকার অনুযায়ী অগ্রসর হতে পারেনি। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার অ্যাকাউন্ট টু হিজ কমিটমেন্ট, সরকার ব্যর্থ। মোটা দাগে ব্যর্থ। এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। পরিণতি সে দিকেই যাচ্ছে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জামায়াত ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখানে দলটি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস-জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের চাপের প্রসঙ্গ তোলে। এছাড়া শিক্ষকদের কৌশলে রাজনীতি থেকে বিরত রাখার চক্রান্ত, ব্যাংকিং খাতে আস্থার সংকট, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ বন্ধকরণ, গুম প্রতিরোধ আইনে উদ্বেগজনক ফাঁক এবং পররাষ্ট্রনীতিতে কৌশলগত দুর্বলতা—এসব বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করা হয়।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ–সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। বিকল্প এলএনজি উৎস, দেশীয় গ্যাস অনুসন্ধান, কৌশলগত ফুয়েল রিজার্ভ, নবায়নযোগ্য জ্বালানি এবং জরুরি পরিস্থিতিতে শিল্প ও বিদ্যুৎ সরবরাহের অগ্রাধিকার বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ পরিকল্পনা কী—তা জানতে চায় জামায়াত।

এছাড়া প্রথম ছয় মাসেই প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ জোরালো হয়েছে বলে অভিযোগ করা হয়। দলটি জানায়, বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ, দখল, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের নামে অভিযোগও উঠেছে।

পররাষ্ট্রনীতির বিষয়ে জামায়াতের লিখিত বক্তব্যে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। রোহিঙ্গা সংকটেও প্রত্যাবাসনের বাস্তব অগ্রগতি নেই বলে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা স্পষ্ট বোঝা গেছে—এমন কথাও বলা হয়।

অর্থনীতি প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্যসংকট, আমানতকারীদের আস্থাহীনতা এবং উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

গুম প্রতিরোধ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখিত বক্তব্যে বলা হয়, গুম প্রতিরোধের নামে এমন কোনো আইন হতে পারে না, যেখানে গোপন আটক বা অস্বীকৃত হেফাজতের সামান্য সুযোগও থেকে যায়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো—

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমাসহ রোডম্যাপ প্রকাশ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ, ১৮০ কার্যদিবসের বাস্তবায়ন কাঠামো এবং গণভোটে অনুমোদিত সংস্কারগুলো কোন প্রক্রিয়ায় ও কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে, তা স্পষ্ট করতে হবে; সমন্বিত এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটিজি প্রণয়ন করতে হবে; প্রশাসন, বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ-পদায়নের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে মেধা, যোগ্যতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতাকে একমাত্র মানদণ্ড করতে হবে এবং বিতর্কিত রাজনৈতিক নিয়োগ পুনর্মূল্যায়ন করতে হবে; আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে হবে; রোহিঙ্গা প্রত্যাবাসন, মধ্যপ্রাচ্য, জ্বালানি কূটনীতি, শ্রমবাজার ও বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য, কৌশল ও পরিমাপযোগ্য ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করতে হবে; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে; ব্যাংকিং খাতে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে হবে।একই সঙ্গে ব্যাংকিং খাতে যেকোনো দলীয় বা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং সর্বশেষ প্রতিরোধ আইনে গোপন আটক বা অস্বীকৃত হেফাজতের সব ধরনের আইনি সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। চূড়ান্ত আইন প্রণয়নের আগে সংশোধিত খসড়া প্রকাশ, স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত এবং গুমের শিকার পরিবার, মানবাধিকার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), নূরুল ইসলাম বুলবুল, মতিউর রহমান আকন্দ, শফিকুল ইসলাম মাসুদ, কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।