বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপকভাবে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে সৎ ও যোগ্য মানুষেরা এগিয়ে না এলে অসৎ, দুর্নীতিবাজ ও কমিশননির্ভর ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেতে পারেন।
তিনি বলেন, ‘আমরা যদি নীরবে বসে থাকি, একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন কমিশনখোর চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবে। একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন দুর্নীতিবাজ পৌর মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। একজন চাঁদাবাজ সিটি মেয়র হওয়ার সুযোগ পাবে। তাই জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সবার আগে এগিয়ে আসতে হবে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র এক সভায় এসব কথা বলেন মামুনুল হক।
স্থানীয় সরকারব্যবস্থা জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হলে সৎ, যোগ্য এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচনী মাঠে এগিয়ে আসার কথা উল্লেখ করেন তিনি।
এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ওপরও জোর দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, অর্থশক্তি ও প্রভাবশালী মহলের আধিপত্য কমাতে নির্বাচন কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণে অনেক সময় সৎ ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় যথাযথভাবে উঠে আসার সুযোগ পান না।
শুধু নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে না থেকে রাজনৈতিক দল ও ইসলামপন্থী সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মামুনুল হক। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকেই সাংগঠনিকভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী ও মাওলানা মুফতি শরাফত হোসেন।