কিম কার্ডাশিয়ান ও লুইস হ্যামিল্টনের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো সময়ের ছবি যেন সেই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।
সম্প্রতি গ্রীষ্মের ছুটির বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কিম। সেখানে নিজের সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের পাশাপাশি দেখা গেছে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনকেও। একটি ছবিতে দুজনকে সমুদ্রসৈকতে পাশাপাশি হাঁটতে দেখা যায়। ছবিটির ভঙ্গিতে তাঁদের স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে।
কিমের পোস্টে ছিল একটি আয়নার সামনে তোলা সেলফিও। ওই ছবিতেও তাঁর পাশে ছিলেন হ্যামিল্টন। ছুটির আরও কিছু ছবিতে কিমের সন্তানদের উপস্থিতিও দেখা যায়। এসব ছবির ক্যাপশনে কিম লিখেছেন, ‘রংধনুর ওপারে কোথাও’।
এদিকে, এর কিছুদিন আগেই হ্যামিল্টনও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্রীষ্মের ছুটির কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানেও কিমের উপস্থিতি ছিল। একটি ছবিতে দেখা যায়, দোলনায় বসে থাকা কিমকে পেছন থেকে দোল দিচ্ছেন হ্যামিল্টন। ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো সময়ের কয়েকটি মুহূর্ত তুলে ধরে হ্যামিল্টন লিখেছেন, ‘গ্রীষ্মের ছুটির কিছু মুহূর্ত মাত্র। এই কয়েকটি দিন দূরে কাটাতে পেরে আমি কৃতজ্ঞ। এখন নতুন উদ্যম ও প্রস্তুতি নিয়ে আবার ট্র্যাকে ফিরছি।’
গুঞ্জন থেকে প্রকাশ্য ঘনিষ্ঠতা
কিম ও হ্যামিল্টনকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয় চলতি বছর। বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা বাড়ে। পারিবারিক নৈশভোজ থেকে শুরু করে ছুটি কাটানো—এমনকি ফর্মুলা ওয়ানের নানা আয়োজনে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে উপস্থিতিও নজরে এসেছে।
যদিও দুজনই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, সাম্প্রতিক ছবিগুলোতে তাঁদের আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ দেখা যাচ্ছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ঘটনাগুলো তাঁদের সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
এর আগে কিম একটি পারিবারিক ভ্রমণের ছবি প্রকাশ করেছিলেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন হ্যামিল্টন এবং তাঁর সন্তান শিকাগো, সেন্ট ও স্যালম। ছবিটির ক্যাপশনে কিম লিখেছিলেন, ‘প্রিয় মানুষগুলোর সঙ্গে হ্রদের ধারে গ্রীষ্মের ছুটির দিনগুলো।’
বহু বছরের পরিচয়
কিম ও হ্যামিল্টনের পরিচয়ও নতুন নয়; তাঁরা বহু বছর ধরেই একে অপরকে চেনেন। তবে চলতি বছরের শুরুতে তাঁদের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। এরপর থেকে দুজনের একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সংবাদমাধ্যম ও ভক্তদের নজরে এসেছে।
হ্যামিল্টনের ফর্মুলা ওয়ান মৌসুমের বিরতিতেও দুজন একসঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। নিজেদের মধ্যেই সীমিত না থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও ছুটি কাটানোর বিষয়টি দেখা যাচ্ছে। ফলে অনেকের কাছেই বিষয়টি আর কেবল দুই তারকার আকস্মিক সাক্ষাৎ হিসেবে থাকছে না।
তবে কিম ও হ্যামিল্টন—দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক। তাই সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সাম্প্রতিক পোস্টগুলো ভক্তদের জন্য ইঙ্গিতবহ হয়ে উঠেছে।
একদিকে হলিউডের পরিচিত মুখ কিম কার্ডাশিয়ান, অন্যদিকে ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন—দুজনের তারকাখ্যাতির কারণে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি মুহূর্তই স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু। এবারের গ্রীষ্মের ছুটির ছবিগুলো সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পেক্স সিক্স অবলম্বনে