ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত একটি দেয়ালচিত্র বা গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালচিত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি এই চিত্রকর্মটি অঙ্কন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, "কলেজ ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর প্রতিকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"
অন্যদিকে, আবেগাপ্লুত হয়ে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, "একসময় ছাত্রদলের রাজনীতি করার কারণে আমাদের এই ফেনী সরকারি কলেজ থেকে বিতাড়িত করা হয়েছিল। আজ সেই ক্যাম্পাসেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রাফিতি উন্মোচন হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।"
চিত্রশিল্পী ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি জানান, বিগত ১৭ বছরে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তিনি বলেন, "এই দেয়ালচিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ ও ‘জেন-আলফা’ আপসহীন নেত্রীর জীবন ও সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবি, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মাহাতাব উদ্দিন রাহিম, মশিউর রশিদ তমাল, সহসভাপতি ওমর ফারুক ও আরাফাতসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।