বরিশালের গৌরনদীতে মাত্র তিন দিনের ব্যবধানে আবারও সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল সীমান্ত এলাকায় কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় আল-হেলাল একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন জানান, গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল তার বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ডাকাতেরা তাকে ও তার ছেলেকে ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তারা পুরো ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ঘটনার সময় ডাকাত দল তাদের ব্যবহৃত মোবাইল ফোনের সিমগুলো খুলে রেখে হ্যান্ডসেটগুলো নিয়ে যায়। ঘটনার পর শিক্ষক আনোয়ার হোসেন মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে, গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদিপ্রবাসী খোকন হালদারের বাড়িতে একই কায়দায় ডাকাতি ঘটে। সেদিন প্রবাসীর স্ত্রী ও মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। তিন দিনের ব্যবধানে একই এলাকায় দুই বাড়িতে একই স্টাইলে ডাকাতি হওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।